সাভারের আশুলিয়ার ইপিজেড (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে হকারদের বাধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্র সড়কের আশুলিয়ার ডিপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদ অভিযানে যায় বেজপা। উচ্ছেদ অভিযান শুরু করার পরপরই হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করে। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাধা দেয়। পরে এরা এক পর্যায়ে চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। তবে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।