ছাত্র-জনতার ওপর গুলি চালানো নিষিদ্ধ ছাত্রলীগের সেই রাজু গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সংবাদ

জামিনে বেরিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোমিনুল ইসলাম রাজুকে (৩২) আবারও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকালে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। রাজু ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত।

গ্রেফতার মোমিনুল ইসলাম রাজু (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকরা ইউনিয়নের কামতা গ্রামের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকার বি-২৮/১ নম্বর আজহার উদ্দিন ভিলার তৃতীয় তলায় বসবাস করে আসছিলেন।

জানা যায়, সাইফুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজু সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। দলীয় হাইকমান্ডের নজরে আসতে এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা নেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এর আগে গ্রেফতার হয়ে জামিনে মুক্ত হলেও তিনি ছাত্রলীগের তৎপরতা চালিয়ে যায়। সম্প্রতি বিদেশ থেকে অর্থ এনে আবার মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে সাভার মডেল থানার এসআই মো. সাখাওয়াত ইমতিয়াজের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এসআই শহীদুজ্জামান, এসআই মোস্তাকিম বিল্লাহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, নতুন করে অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে আবার গ্রেফতার করা হয়েছে।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর