কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড আমিনবাজারের আহমেদ বাবুর দাফন সম্পন্ন
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড আমিনবাজারের আহমেদ বাবুর দাফন সম্পন্ন

স্থানীয় সংবাদ

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে আমিনবাজারের বেগুনবাড়ী বড় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আমিনবাজারের বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ী শিকদারপাড়া এলাকার মৃত আদম আলীর চার ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন আহমেদ বাবু। তিনি আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারের মার্কেটে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি দোকান পরিচালনা করতেন।

দুই বছর পর ভারতের ভিসা পেয়ে সোমবার (১৭ আগস্ট) রাতে ব্যবসায়িক মালামাল কিনতে কলকাতায় যান আহমেদ বাবু। সেখানে পার্ক স্ট্রিটের কাছাকাছি ‘শিখা ইন’ নামের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। ওই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মধ্যে আহমেদ বাবুও ছিলেন।

গত বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে আহমেদ বাবুর পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়। পরে তার ছবি পাঠানো হলে স্বজনরা পরিচয় নিশ্চিত করেন।

আহমেদ বাবুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, ৯ বছরের এক মেয়ে ও সাড়ে ৩ বছরের এক শিশুসন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। শিশুদের কান্না ও স্বজনদের আহাজারিতে বেগুনবাড়ী এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর