৩৪ জেলার ৪০ কেন্দ্রে অনুষ্ঠিত হলো স্পেলিং স্টারের প্রাথমিক বাছাই পরীক্ষা
শিক্ষা সংবাদ
দেশের ৬৪ জেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে Shaheen Education Family~Channel i Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষা।
শুক্রবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশব্যাপী ২২ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে।
শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, চ্যানেল আই-এর মিডিয়া পার্টনারশিপে এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সুসজ্জিত তোরণ, মাঠসজ্জা ও বিভিন্ন ফটো পয়েন্টের কারণে অনেক কেন্দ্রে পরীক্ষার আগেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
প্রাথমিক বাছাই পরীক্ষায় ৫০টি প্রশ্নের উত্তর নির্ধারিত ৩০ মিনিটের মধ্যে দিতে হয়। ইংরেজি বানান দক্ষতার পাশাপাশি শব্দ চেনা, শুদ্ধ বানান ও শব্দার্থভিত্তিক দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রশ্নপত্র তৈরি করা হয়।
পরীক্ষা শেষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী কেন্দ্রগুলোতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়।
প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল Shaheen Education Family-এর অফিসিয়াল Facebook Page ও www.shaheen.edu.bd- এ প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।
পরবর্তী ধাপে প্রায় ৫০০ নির্বাচিত প্রতিযোগী বিভাগীয় পর্যায়ের লিখিত ও মৌখিক বাছাইয়ে অংশ নেবে। সেখান থেকে দেশব্যাপী নির্বাচিত ১০০ জন প্রতিযোগীকে নিয়ে মূল টেলিভিশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বাড়ানোর পাশাপাশি ইংরেজিভীতি দূর করা, আত্মবিশ্বাস সৃষ্টি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজক কর্তৃপক্ষ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষক, কেন্দ্র পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।