সুখী-সমৃদ্ধ নতুন দেশের স্বপ্ন দেখছি, রাষ্ট্রপতি ভোটের আগে ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতীয়
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’—দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোটের আগে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এমন একটি বাংলাদেশ দেখব যা আমি প্রত্যাশা করছি, মনে মনে স্বপ্ন দেখছি।
সেটি হচ্ছে—একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্রের। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবীরা দু’বেলা পেট ভরে খেতে পারবে, সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে।
যেখানে আমাদের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান হবে। জনসংখ্যার অর্ধেক নারী সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, ‘বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে নিজেদের পরিচিত করব। আমি বিশ্বাস ও প্রত্যাশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রথমে শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের কাছে ছিলাম। গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও আমার কৃতজ্ঞতা। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বেই দেশ প্রত্যাশিত বাংলাদেশের গন্তব্যে পৌঁছাবে।’
রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল বলেন, ‘অনেক কিছু মিস করব। যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারি না। দোয়া করি সৃষ্টিকর্তার কাছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সকলে সরকারকে সহযোগিতা করুন।’
তিনি আরও বলেন, ‘আজকের এ দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহীয়সী নারী নেত্রীর, প্রথম নারী মুক্তিযোদ্ধার সান্নিধ্য আমি পেয়েছি, স্নেহ পেয়েছি। আজকে ক্ষণে ক্ষণে তার কথা স্মরণে আসতেই আমার আবেগকে স্পর্শ করছে, শিহরণ জাগাচ্ছে।’