বাংলাদেশ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক কাজে কলকাতায় যাওয়া নয়জন বাংলাদেশি ‘শিখা ইন’ নামে একটি হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে মৃত আহমেদ বাবুর সাভারের বাড়িতে চলছে শোকের মাতম।
উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার আহামেদ বাবুর পরিবারের চার ভাইয়ের মধ্যে সবার ছোট আহমেদ বাবু। পরিবারে নয় বছরের এক মেয়ে এবং চার বছরের এক শিশুসন্তান রয়েছে তার। মৃত আহমেদ বাবুর বাবার নাম আদম আলী। তিনি সাভারের আমিন বাজারের একজন ব্যবসায়ী। পরিবারের পক্ষ থেকে জানায়, সোমবার রাতে ব্যবসার উদ্দেশে কলকাতা যান আহমেদ বাবু। দীর্ঘদিন ভারতের ভিসা বন্ধ থাকায় দুই বছর পর তিনি ব্যবসায়িক কাজে সেখানে গিয়েছিলেন।
স্বজনরা জানান, আজ (বুধবার) দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইলের মাধ্যমে মৃত হওয়ার খবর জানানো হয় এবং পরবর্তীতে মৃতের ছবি ভারতীয় হাইকমিশন থেকে পাঠালে ছবি দেখে পরিবারের লোকজন তাকে শনাক্ত করেন।
এরপর থেকেই মৃতের বাড়িতে গণমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। এখন লাশের অপেক্ষায় স্বজনরা।