আশুলিয়ায় লেবার সরদারের কাছে চাঁদা দাবি, হামলায় আহত ৫
আশুলিয়ায় লেবার সরদারের কাছে চাঁদা দাবি, হামলায় আহত ৫

স্থানীয় সংবাদ

 আশুলিয়ায় লেবার সরদারের কাছে প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে লেবার সরদারসহ পাঁচ শ্রমিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতদের মধ্যে দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার হাজী সদর আলী শপিং কমপ্লেক্সের কাঁচামালের আড়তে। ২৫ বছর ধরে লেবার সরদারের দায়িত্ব অভিযোগকারী তোফাজ্জল হোসেন জানান, তাঁর ভাই দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে বাইপাইল এলাকায় লেবার সরদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রায় ৫০ দিন আগে তাঁর ভাই মারা যাওয়ার পর শ্রমিকদের দেখভাল ও লেবার সরদারের দায়িত্ব নেন তোফাজ্জল হোসেন। তাঁর অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই কয়েকজন ব্যক্তি তাঁর কাছে প্রতিদিন ১২ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিলেন। নিয়মিত চাঁদা না দেওয়ায় তাঁকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। ৩০-৪০ জন নিয়ে হামলার অভিযোগ তোফাজ্জাল হোসেনের অভিযোগ, গত ৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা প্রায় ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে ওই কাঁচামালের আড়তের সামনে আসে। এ সময় তাঁরা তাঁর কাছে দাবিকৃত চাঁদার টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর ও সেখানে থাকা শ্রমিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তোফাজ্জল হোসেনের সঙ্গে থাকা সেলিম, কিরন, মতিউর, জিয়ারুল ও আরিফুল আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুই শ্রমিক পঙ্গু হাসপাতালে ভর্তি হামলার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে সেলিম ও মতিউরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অন্যদেরও চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ৪ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
অভিযোগকারী আরও দাবি করেন, হামলার সময় অভিযুক্তরা লেবার অফিসে থাকা ৪ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে অফিসে ভাঙচুর ও শ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়েছে।
তবে হামলা ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
থানায় মামলা এ ঘটনায় তোফাজ্জল হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলায় হামলা, মারধর, চাঁদা দাবি এবং টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের বক্তব্য পুলিশ জানিয়েছে, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, বাইপাইলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এ ধরনের চাঁদাবাজি ও হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

আশুলিয়া


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর