সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি স্বেচ্ছাসেবক দল নেতার
সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি স্বেচ্ছাসেবক দল নেতার
স্থানীয় সংবাদ
ঢাকার সাভারে সেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলন দাবি করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম বাবু। সোমবার (২০ জুলাই) সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আব্দুল হালিম বাবু বলেন, সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে তাকে ‘মাদক কারবারি’ ও ‘মাদক সম্রাট’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি অভিযোগ করেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং কয়েকটি মাদকের আস্তানা উচ্ছেদে ভূমিকা রাখার কারণেই একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।
ওই চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি কয়েকজনকে জোরপূর্বক তার বিরুদ্ধে ভিডিও বক্তব্য দিতে বাধ্য করেছেন।
আব্দুল হালিম বাবু বলেন, ‘আমার মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কেউ যদি প্রমাণ করতে পারে আমি মাদক কারবারের সঙ্গে জড়িত, তাহলে আইনের যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’
তিনি আরও বলেন, অপপ্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জড়িত।
তার ভাষ্য, ‘যদি আমার কোনো অপরাধ থাকে, তার দায় আমার দল নেবে কেন? অভিযোগ প্রমাণিত হলে আমি ব্যক্তিগতভাবে তার দায়ভার নেব।’
বক্তব্যের একপর্যায়ে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এছাড়া নিজের আর্থিক অবস্থার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তার নামে উল্লেখযোগ্য কোনো সম্পদ বা ব্যাংক হিসাব নেই এবং অতীতে একটি এনজিওর ঋণ পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান।