নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২
নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২
বিশেষ সংবাদ
নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে সাত মাস বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগীপাড়া এলাকায় যায়। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে ফেরার পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু জীবন ইসলাম ও রিয়াদ ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বর ও নববধূও রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।