সাভারে ছাত্রদলের স্মরণসভায় জুলাই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
সাভারে ছাত্রদলের স্মরণসভায় জুলাই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
স্থানীয় সংবাদ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে স্মরণসভা, দোয়া মাহফিল ও শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ভিলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
স্মরণসভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী এবং আন্দোলনে অংশ নেওয়া ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের পুনর্বাসনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠানের অতিথিরা শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রতি প্রদর্শিত সম্মান ও সহমর্মিতার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।